ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো হংকংয়ের বহুতল আবাসিক ভবন, বাড়ছে মৃত্যু সংখ্যা।

হংকংয়ের উত্তরাঞ্চল তাই-পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের বহুতল আবাসিক কমপ্লেক্সে বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়...

হংকংয়ের উত্তরাঞ্চল তাই-পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের বহুতল আবাসিক কমপ্লেক্সে বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। দমকল বাহিনী জানিয়েছে, আরও ৪৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং ২৭৯ জন এখনও নিখোঁজ, যাদের খোঁজে চলমান রয়েছে উদ্ধার অভিযান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের বাইরের স্ক্যাফোল্ডিং ও সবুজ নেটিংয়ে প্রথমে আগুন ধরে দ্রুতই ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই গাঢ় ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়, আর ভেতরে আটকে পড়েন অনেক বাসিন্দা। ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের নিচ থেকে ওপর পর্যন্ত আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া আকাশে উঠতে থাকে। অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় ৮০০ এর বেশি কর্মী ও শতাধিক যানবাহন একযোগে কাজ করছে। তবে ভবনটির উচ্চতা এবং ভেতরে আটকে থাকা লোকজনের কারণে উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার কারণ উদ্ঘাটনে প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ক্যাফোল্ডিংয়ে ব্যবহৃত বাঁশের কাঠামো, নেটিং এবং দাহ্য নির্মাণ সামগ্রী আগুন দ্রুত ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।   হংকং কর্তৃপক্ষ এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বহুতল ভবনদুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।