খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আজ সংবাদ সম্মেলন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাতে আজ মঙ্গলবার (২ ডিসেম্ব...

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় জানানো হয়, দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকে খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সর্বশেষ অগ্রগতির বিষয়ে অবহিত করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিকে এর আগের দিন সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন। সেখানে তারা চিকিৎসক দলের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক জটিলতা ও চিকিৎসা অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি মির্জা ফখরুল। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাকে সিসিইউতে রেখে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।চিকিৎসক দলের একাধিক সদস্য জানিয়েছেন, তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় আগামী কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক ডা. জাহিদ হোসেনের আজকের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।