হলুদ ফুলে হাসছে মাঠ, আশায় বুক বেঁধেছে কৃষক
সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে শীতের মাঠ, কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। কম খরচে বেশি লাভ, সরিষা চাষে জেগে উঠেছে নতুন আশা ও স্বপ্ন। জানুন সরিষা চাষের গুরুত্ব ও সম্ভাবনার কথা এই প্রতিবেদনে।
শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া সবুজ মাঠে চোখ জুড়ানো এক দৃশ্য ফুলে ফুলে ভরে উঠেছে সরিষার খেত। হলুদ ফুলে ছেয়ে গেছে চারপাশ। শুধু সৌন্দর্য নয়, এই ফুলের মাঝে লুকিয়ে আছে হাজারো কৃষকের রঙিন স্বপ্ন, আশা ও পরিশ্রমের ফল। বাংলাদেশের গ্রামবাংলার চিরচেনা চিত্র এই সরিষার ফুল। কার্তিক ও অগ্রহায়নের শুরুতেই চাষিরা জমিতে বপন করেন সরিষার বীজ। মাত্র ৮০–৯০ দিনের মধ্যেই হলুদ ফুলে ভরে ওঠে মাঠ। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শুরু পর্যন্ত থাকে এই মন মাতানো দৃশ্য।
এই সরিষা ফুল শুধু মাঠ নয়, রাঙিয়ে তোলে কৃষকের মনও। সরিষার তেল দেশে অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর। সরিষার চাষে খরচ কম ও লাভ বেশি হওয়ায় অনেক কৃষক এখন ধান কিংবা অন্যান্য ফসলের পাশাপাশি সরিষার চাষেও আগ্রহী হচ্ছেন।একজন কৃষক বলেন, সরিষা চাষে বেশি সেচ লাগে না, সারও কম লাগে, আবার দামও ভালো পাই। সরিষা ফুল ফুটলেই মন ভালো হয়ে যায়। মনে হয়, এই মাঠই আমার স্বপ্ন সরিষার ফুল দেখতে যেমন সুন্দর, এর অর্থনৈতিক গুরুত্বও অনেক। সরিষার তেল, খৈল এবং মধু উৎপাদনের মাধ্যমেও কৃষকের বাড়তি আয় হয়। সরকার যদি সঠিকভাবে বাজার ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও সহায়তা দিতে পারে, তবে কৃষকের এ রঙিন স্বপ্ন বাস্তবতা হয়ে উঠবে দেশের অর্থনীতির শক্ত ভিত। সরিষার হলুদে শুধু মাঠ নয় উজ্জ্বল হচ্ছে কৃষকের ভবিষ্যত।