বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান কংগ্রেস নেতা শশী থারুরের
বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলের সংসদ সদস্য শশী থারুর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ভারতের...
বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলের সংসদ সদস্য শশী থারুর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বাড়ানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল পর্যায়ে নেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।
শশী থারুর বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতীয়দের বিরুদ্ধে এবং যাদের ভারতপন্থি হিসেবে বিবেচনা করা হচ্ছে—তাদের বিরুদ্ধে যে ধরনের বৈরিতা উসকে দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও জানান, কমিটির প্রতিবেদনে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার সুপারিশ করা হয়েছিল। তবে সাম্প্রতিক সহিংস পরিস্থিতির কারণে দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিতে হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তার মতে, অনেক বাংলাদেশি ভারতে আসতে আগ্রহী হলেও তারা আগের মতো ভিসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। এতে বর্তমান বাস্তবতায় তাদের সহায়তা করা ভারত সরকারের জন্য আরও কঠিন হয়ে পড়ছে। শশী থারুর আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং বাংলাদেশ সরকার তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে আরও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করবে।
এ সময় পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি তুলে ধরে শশী থারুর বলেন, “আমরা ভূগোল পরিবর্তন করতে পারি না। আমরা যেখানে আছি, সেখানেই থাকব। তারাও যেখানে আছে, সেখানেই থাকবে। তাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়াই একমাত্র বাস্তবসম্মত পথ।”