টেসলার শীর্ষ পুরস্কার: ইলন মাস্কের ৫৬ বিলিয়ন ডলার বেতন অনুমোদিত

টেসলার প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের বিশাল অঙ্কের বেতন প্যাকেজ বহাল রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। গতকাল শুক্র...

টেসলার প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের বিশাল অঙ্কের বেতন প্যাকেজ বহাল রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার আদালতের এ রায়কে মাস্কের বড় ধরনের আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিখ্যাত টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের বিশাল অঙ্কের বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তবে সম্প্রতি মার্কিন আদালতের এক নির্দেশে আবারও আলোচনায় এসেছে এ বিষয়টি। আদালত মাস্কের বেতন বহাল রাখার নির্দেশ প্রদান করেছে, যা ইতিহাসে সবচেয়ে বড় কর্পোরেট বেতন প্যাকেজ হিসেবেও বিবেচিত। ২০১৮ সালে টেসলার পরিচালনা পর্ষদ মাস্কের জন্য প্রস্তাবিত এক বিশাল পরিমাণ স্টক-ভিত্তিক বেতন প্যাকেজ অনুমোদন করে, যার মূল্য ছিল প্রায় ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। এই প্যাকেজটি নির্ধারিত কিছু লক্ষ্য অর্জনের উপর নির্ভরশীল ছিল, যার মধ্যে ছিল কোম্পানির বাজারমূল্য বৃদ্ধি, রাজস্ব বাড়ানো ও নিট মুনাফা অর্জন। মাস্ক সফলভাবে এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ করায় তার বেতন পাওয়ার পথ উন্মুক্ত হয়। এই রায়ের মাধ্যমে ইলন মাস্ক আবারও প্রমাণ করলেন তার অদম্য নেতৃত্ব, ব্যবসায়িক দূরদর্শিতা এবং উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়নের দক্ষতা। যদিও বিতর্ক থেকে তিনি পুরোপুরি মুক্ত নন, তবুও এ রায় তার ক্যারিয়ারে একটি বড় বিজয় হিসেবেই গণ্য করা হচ্ছে। বর্তমানে টেসলা তাদের আইনি ঠিকানা টেক্সাসে সরিয়ে নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে টেসলার বিরুদ্ধে মামলা করতে হলে কোনো বিনিয়োগকারী বা গোষ্ঠীকে অন্তত ৩ শতাংশ শেয়ারের মালিক হতে হবে। বর্তমানে প্রায় ৩০ বিলিয়ন ডলার মূল্যের এ পরিমাণ শেয়ার মাস্ক ছাড়া অন্য কোনো একক বিনিয়োগকারীর নেই। ফলে ভবিষ্যতে এ ধরনের আইনি জটিলতা এড়ানো সহজ হবে বলে মনে করছে কোম্পানিটি। ইলন মাস্ক শুধু প্রযুক্তি ও ব্যবসায়িক জগতের প্রতিভাধর নেতা নন, বরং তিনি সময়ের অন্যতম আলোচিত ও বিতর্কিত চরিত্রও বটে। আদালতের এই সিদ্ধান্ত তার পক্ষে এক শক্তিশালী বার্তা, যা ভবিষ্যতের কর্পোরেট বেতন কাঠামো গঠনে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।