৩২৩ রানের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরোয়া মৌসুম শেষ করল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ টেস্টে ৩২৩ রানের দাপুটে জয় তুলে নিয়ে কিউইরা...
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরোয়া মৌসুম শেষ করল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ টেস্টে ৩২৩ রানের দাপুটে জয় তুলে নিয়ে কিউইরা সিরিজ নিশ্চিত করেছে ২–০ ব্যবধানে।
ম্যাচে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৫৭৫ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের কঠিন লক্ষ্যে নেমে চরম বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুললেও এরপর মাত্র ৫১ রানের ব্যবধানে হারায় সব উইকেট। শেষ পর্যন্ত ১৩৮ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে ম্যাচ হারতে হয় তাদের।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে দুর্দান্ত পারফরম্যান্স দেখান জ্যাকব ডাফি। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের অনুপস্থিতিতে সিরিজজুড়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তিনি তিন ম্যাচে মোট ২৩ উইকেট শিকার করেন। শেষ টেস্টে ৪২ রান খরচায় পাঁচ উইকেট নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডাফি।
এক সিরিজে নিউজিল্যান্ডের হয়ে এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল কিংবদন্তি রিচার্ড হ্যাডলি (৩৩ উইকেট, ১৯৮৫) ও ব্রুস টেলর (২৭ উইকেট, ১৯৭২)। ফলে ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডার হিসেবে ইতিহাস গড়েছেন ডাফি। তার এই অসাধারণ পারফরম্যান্সে তিনি নির্বাচিত হন সিরিজসেরা খেলোয়াড়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্র্যান্ডন কিং সর্বোচ্চ ৬৭ রান করেন। জন ক্যাম্পবেল ১৬ রানে আউট হলে ৩৩তম ওভারে ভাঙে ওপেনিং জুটি। ১১ ব্যাটারের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। শেষ দিকে টেভিন ইমলাচ ১৫ রানে অপরাজিত থাকেন, অ্যান্ডারসন ফিলিপ করেন ১০ রান।
নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল তিনটি উইকেট নেন। দীর্ঘদিন দেশের মাটিতে উইকেটখরায় ভোগা এই স্পিনার ম্যাচ শেষে পাঁচ উইকেটের দেখা পান।
ব্যাট হাতে ডেভন কনওয়ে ছিলেন অনবদ্য। একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরির দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ঘরোয়া মৌসুম শেষ করল নিউজিল্যান্ড, আর ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি ছিল হতাশার এক সিরিজ।