ভ্রমণমুখী বাংলাদেশ: কক্সবাজারে পর্যটকের ঢল, অর্থনীতিতে বাড়তি গতি

বার্ষিক ও ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভ্রমণপিপাসু পরিবারগুলোর পদচারণায় মুখর হয়ে উঠেছে দী...

বার্ষিক ও ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভ্রমণপিপাসু পরিবারগুলোর পদচারণায় মুখর হয়ে উঠেছে দীর্ঘ বেলাভূমি ও আশপাশের পর্যটন স্পট। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নানা বয়সের মানুষের উপস্থিতিতে লোকারণ্য সৈকত এলাকা।   পর্যটন সংশ্লিষ্টদের আশা, থার্টিফাস্ট নাইটের পরের সপ্তাহ পর্যন্ত সময়ে পাঁচ থেকে দশ লাখের বেশি পর্যটক কক্সবাজারে ভিড় জমাতে পারেন। এতে প্রায় ৫০০ কোটি টাকার বাণিজ্য হবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশের পর্যটননির্ভর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। মাঠপর্যায়ে টহল দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত। পর্যটন স্পটগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পর্যটন ব্যবসায়ীদের মতে, ১৬ ডিসেম্বরের পর থেকেই কক্সবাজারে পর্যটকের চাপ বাড়তে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে। সাড়ে চার শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে আগাম বুকিং সম্পন্ন হয়েছে সপ্তাহখানেক আগেই। বিশ্লেষকদের মতে, মানুষের ভ্রমণপ্রবণতা বাড়ার এই ধারা দেশের অভ্যন্তরীণ পর্যটন ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করছে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।