সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা দেশের প্রত্যেক প্রার্থীর নিজ নিজ জেলার নির্ধারিত কেন্দ্রে নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার সারাদেশ থেকে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্ট দপ্তর। আজ ২৭ ডিসেম্বর (শনিবার) থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে www.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্রের (মূল এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশনা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।
পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, পার্স, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ এসব সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, যে কোনো ধরনের প্রতারণা বা অসাধু ব্যক্তির প্রলোভনে না পড়তে পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।
পরীক্ষার সময় সকল প্রার্থীকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাসময়ে কেন্দ্র উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখযোগ্য তথ্য:- পরীক্ষার তারিখ: ২ জানুয়ারি ২০২৬, সময়: সকাল ১০টা – ১১টা ৩০ মিনিট,স্থান: নিজ জেলা - প্রবেশপত্র ডাউনলোড শুরু: ২৭ ডিসেম্বর ২০২৫, প্রার্থীদের আগামী পরীক্ষায় সাফল্য কামনা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।