মেক্সিকোর ওয়াক্সাকায় ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ১৩, আশঙ্কাজনক কয়েকজন
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় একশ’ জন যাত্রী, যাদের মধ্য...
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় একশ’ জন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৮ ডিসেম্বর) নিজান্দা শহরের নিকটবর্তী একটি বাঁক ঘোরার সময় ট্রেনটি হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ২৪০ জনের বেশি যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।
মেক্সিকোর নৌবাহিনীর তথ্যমতে, আহত ৯৮ জনের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আটকে পড়া যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামাতে সহায়তা করছেন।
মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, নৌবাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনটি প্রশান্ত মহাসাগরীয় বন্দর সালিনা ক্রুজ থেকে উপসাগরীয় উপকূলের কোটজাকোয়ালকোসগামী ‘ইন্টারওসেনিক রেল’ প্রকল্পের অংশ। দেশটির কৌশলগত বাণিজ্য করিডোর হিসেবে পরিচিত এই রেলপথটি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে অ্যাটর্নি জেনারেলের দপ্তরের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি, রেলপথের নিরাপত্তা ব্যবস্থা এবং মানবিক গাফিলতির দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।