খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দেশ, এভারকেয়ার হাসপাতালে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে স্তব্ধ দেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধী...

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে স্তব্ধ দেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। সড়কের দুই পাশে জড়ো হওয়া মানুষের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলের স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হাসপাতালের সামনে শোকাহত নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। তারা বলেন, ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। অনেকেই অভিযোগ করেন, অতীতে অবহেলার কারণে তিনি সঠিক চিকিৎসা পাননি। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এদিকে তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করে বলেন, “জাতি একজন মহান অভিভাবককে হারাল।” যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকেও শোকবার্তা এসেছে। বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে।   বেগম খালেদা জিয়ার প্রয়াণ শুধু একজন রাজনীতিকের বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান।