বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন সৌদি বাদশাহ ও যুবরাজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ ব...

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।   বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করা হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একই ধরনের শোকবার্তা পাঠান। অপরদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এক বার্তায় বাংলাদেশের জনগণ ও খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।   উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।