আইসিসিকে বিসিবির স্পষ্ট বার্তা: ভারতের বাইরে চাই ম্যাচ ভেন্যু
টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে জোর প্রস্তুতি চলছে বিশ্বজুড়ে। কিন্তু সেই উত্তাপের মধ্যেই একটি বড় সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত...
টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে জোর প্রস্তুতি চলছে বিশ্বজুড়ে। কিন্তু সেই উত্তাপের মধ্যেই একটি বড় সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আইসিসির একাধিক অনুরোধ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরেনি বিসিবি।
আজ দুপুরে আইসিসির সঙ্গে বিসিবির একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা নিয়ে আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত বাংলাদেশ দলের ভারতে খেলতে যাওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে ম্যাচগুলো ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধও পুনরায় জানানো হয়েছে।
বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা ছাড়া আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। সম্মানহীন পরিবেশে গিয়ে খেলার কোনো মানে হয় না।
এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, যেখানে খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে খেলা সম্ভব নয়। যদিও আইসিসি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারতের কাছেই রেখেছে, তবুও বাংলাদেশ ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে তারা।
এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে। এখন দেখার বিষয়, আইসিসি কীভাবে সমাধান করে এই জটিলতার।