আকাশসীমা সাময়িকভাবে বন্ধের পর ফের স্বাভাবিক ইরানে বিমান চলাচল
প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আকাশসীমা আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আকাশপথে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছ...
প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আকাশসীমা আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আকাশপথে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার বিকেলে জারি করা এক জরুরি নোটিশে ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। হঠাৎ এই সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা রুট পরিবর্তনে বাধ্য হয়।
ফ্লাইটের তথ্য পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪- জানিয়েছে, গতকাল রাত ১০টার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) কিছু আগে আকাশসীমা থেকে এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই ইরানের নিজস্ব তিনটি উড়োজাহাজ পরিবহন সংস্থা মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও আভা এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট উড্ডয়ন করতে দেখা যায়।
আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।