উত্তরায় ছয়তলা ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

রাজধানীর উত্তরার একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। বাকি নিহতদ...

রাজধানীর উত্তরার একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। বাকি নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার  সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকেই তিনজনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী। তিনি জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে ভবনের একাধিক ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।