শাবান মাসের নতুন চাঁদ দেখা গেল আমিরাতে, প্রকাশ হলো বিরল ছবি
আমিরাতে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে। আবুধাবির আল খাতিম অবজারভেটরিতে ধরা পড়েছে চাঁদের বিরল ছবি। শুরু রমজানের দিন গণনা।
সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে হিজরি বর্ষপঞ্জির ১৪৪৭ হিজরির শাবান মাসের সূচনা নিশ্চিত হয়েছে এবং একই সঙ্গে পবিত্র রমজানের দিন গণনাও শুরু হলো।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সোমবার (১৯ জানুয়ারি) আবুধাবি থেকে শাবান মাসের চাঁদের একটি বিরল ও অত্যন্ত বিস্তারিত ছবি ধারণ করে। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১১টায় এই ছবি তোলা হয়। সে সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল মাত্র ৬ দশমিক ৭ ডিগ্রি, যা পর্যবেক্ষণের দিক থেকে উল্লেখযোগ্য।
আমিরাতের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আকাশ পর্যবেক্ষণের জন্য অবজারভেটরির বিশেষজ্ঞ জ্যোতির্বিদদের একটি দল সক্রিয়ভাবে অংশ নেয়। তারা উন্নত ও আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের স্পষ্ট ও নির্ভুল ছবি সংগ্রহ করতে সক্ষম হন।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানায়, এই ধরনের বৈজ্ঞানিক চাঁদ পর্যবেক্ষণ ইসলামী জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণে চাঁদ দেখার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে হিজরি ক্যালেন্ডারের হিসাব আরও নির্ভুল ও গ্রহণযোগ্য হয়।
ফলে আগামী মঙ্গলবার, ২০ জানুয়ারি থেকে শুরু হবে পবিত্র শাবান মাস। আর শাবান মাসের ১৫তম রাতে মুসলমানরা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ রাত শবে বরাত পালন করেন। সে হিসেবে ৪ অথবা ৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হবে।
বিশেষজ্ঞদের মতে, এমন পর্যবেক্ষণ ভবিষ্যতে ধর্মীয় ও বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণে আরও কার্যকর সহায়তা দেবে এবং মুসলিম বিশ্বে চাঁদ দেখা নিয়ে বিদ্যমান বিভ্রান্তি কমাতে সহায়ক হবে।