উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সাড়ে চার শতাধিক বসতঘর
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়া উপজেলার ক্যাম্প-১৬-এর ব্লক-ডিতে লাগা আগুনে সাড়ে চার শতাধিক...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়া উপজেলার ক্যাম্প-১৬-এর ব্লক-ডিতে লাগা আগুনে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে চার থেকে সাড়ে চার শতাধিক বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।
উল্লেখ্য, শীত মৌসুম এলেই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অতীতে এক রাতেই কয়েক হাজার বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক এই অগ্নিকাণ্ডে ফের নতুন করে নিরাপত্তা ও অগ্নি-ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।