বিপিএলের স্মরণীয় ম্যাচ: শেষ বলে ছক্কা, ফাইনালের দৌড়ে সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে যোগ হলো আরেকটি স্মরণীয় ম্যাচ। রোমাঞ্চে টইটম্বুর এলিমিনেটর ম্যাচে শেষ বলের ছক্কায় ৩ উইকেটের নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ালিফায়ারে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে যোগ হলো আরেকটি স্মরণীয় ম্যাচ। রোমাঞ্চে টইটম্বুর এলিমিনেটর ম্যাচে শেষ বলের ছক্কায় ৩ উইকেটের নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ফেভারিট রংপুর রাইডার্সকে।
মাত্র দুদিন আগে দলে যোগ দিয়ে মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচের নায়ক বনে যান ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতে শেষ মুহূর্তে ভাগ্য গড়ে দেন তিনি।
প্রথমে বল করতে নেমে ওকস ছিলেন নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে শিকার করেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তার নিখুঁত লাইন-লেংথে রংপুর বড় স্কোর গড়তে পারেনি, ফলে সিলেটের সামনে লক্ষ্য থাকে নাগালের মধ্যেই।
লক্ষ্য তাড়ায় শেষ দিকে জমে ওঠে নাটক। চাপের মুখে পড়ে সিলেট যখন হারের দ্বারপ্রান্তে, তখন দায়িত্ব কাঁধে তুলে নেন ক্রিস ওকস। ব্যাট হাতে খেলেন ৪ বলে অপরাজিত ১০ রানের ইনিংস। সমীকরণ দাঁড়ায় শেষ বলে দরকার ৬ রান। গ্যালারি নিস্তব্ধ, মাঠজুড়ে টানটান উত্তেজনাঠিক তখনই বাউন্ডারির ওপর দিয়ে বল পাঠিয়ে দেন ওকস। ছক্কা, আর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে সিলেট শিবির।
এই জয়ে ৩ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের লড়াইয়ে টিকে থাকল সিলেট টাইটান্স। অন্যদিকে, গতবারের মতো এবারও এলিমিনেটর থেকেই বিদায় নিতে হলো শক্তিশালী রংপুর রাইডার্সকে।
বিপিএলের ১২ মৌসুমের ইতিহাসে অসংখ্য উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে। তবে শেষ বলের ছক্কায় এমন নাটকীয় জয় এই ম্যাচকে জায়গা করে দিল স্মরণীয় ম্যাচগুলোর তালিকার একেবারে ওপরের দিকেই। সিলেটের এই অবিশ্বাস্য জয়ের নায়ক হয়ে থাকবেন দীর্ঘদিন ক্রিস ওকস।