জেমস বন্ড’ নয়, নতুন স্পাই দুনিয়া: শিহাব শাহীনের থ্রিলারে প্রীতম–মেহজাবীন
বাংলাদেশি স্পাই ইউনিভার্সে প্রীতম–মেহজাবীন, নির্মাতা শিহাব শাহীন
বাংলাদেশের ওয়েব কনটেন্টে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন নির্মাতা শিহাব শাহীন। প্রথমবারের মতো থ্রিলার ও স্পাই ঘরানায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানকে নিয়ে তিনি নির্মাণ করছেন একটি ওয়েব সিরিজ। চরকি অরিজিনাল এই সিরিজটির প্রাথমিক নাম ক্যাকটাস, যদিও নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ড্রামেডি, থ্রিলার ও অ্যাকশনের মিশেলে নির্মিত সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। রোমান্টিক ঘরানার সফল নির্মাতা হিসেবে পরিচিত শিহাব শাহীনকে এবার দর্শক পাবে সম্পূর্ণ ভিন্ন রূপে রহস্য, অ্যাকশন ও স্পাই থিমে মোড়ানো এক নতুন গল্পে।
নির্মাতা জানান, দীর্ঘদিন ধরেই তিনি একটি বাংলাদেশি স্পাই ইউনিভার্স গড়ে তোলার পরিকল্পনা করছেন। সেই ভাবনা থেকেই এই সিরিজের জন্ম। শিহাব শাহীন বলেন,
আমরা তো জেমস বন্ড বানাতে পারব না, আবার এটি মাসুদ রানাও না। আমাদের বাস্তবতা ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরি করছি। এ ধরনের কাজ বাংলাদেশে খুব বেশি হয়নি।
এই সিরিজে প্রীতম হাসানের বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী যা, দর্শকের জন্য এক নতুন ও আকর্ষণীয় জুটি। মেহজাবীনের সাবলীল অভিনয় আর প্রীতমের নতুন চরিত্রায়ণ সিরিজটিকে আরও আলোচনায় নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চরকির এই নতুন অরিজিনাল সিরিজটি বাংলাদেশের ওয়েব সিরিজ জগতে থ্রিলার ও স্পাই ঘরানার সম্ভাবনাকে আরও বিস্তৃত করবে এমন প্রত্যাশাই এখন দর্শকদের।