একাত্তরের পরীক্ষিত বন্ধু আর নেই: মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর সাংবাদিক মার্ক টালির মৃত্যু

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাহসী ভূমিকা রাখা সাংবাদিক মার্ক টালি আর নেই। ৯০ বছর বয়সে দিল্লিতে তাঁর মৃত্যু হয়।

একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসী কণ্ঠে সত্য তুলে ধরা খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি আর নেই। গতকাল রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বিবিসি হিন্দির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্ক টালি গত শতকের ষাটের দশক থেকে দীর্ঘ সময় ধরে বিবিসির ভারত ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ এশিয়ার রাজনীতি, সমাজ ও ইতিহাসকে আন্তর্জাতিক পাঠকের কাছে তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল অনন্য। বিশেষ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তার গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরে তিনি বাংলাদেশের মানুষের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত হয়ে ওঠেন। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর প্রতিবেদনগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নির্ভীক সাংবাদিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি বিশ্বজুড়ে সম্মান ও স্বীকৃতি লাভ করেন। বিবিসি থেকে অবসর নেওয়ার পরও সাংবাদিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি মার্ক টালি। তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতা, লেখালেখি ও বিশ্লেষণমূলক কাজে সক্রিয় ছিলেন। দক্ষিণ এশিয়া নিয়ে লেখা তাঁর বই ও কলামগুলো আজও গবেষক ও পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।  মার্ক টালির মৃত্যুতে আন্তর্জাতিক সাংবাদিকতা জগতে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে বাংলাদেশের মানুষ হারালেন একাত্তরের এক পরীক্ষিত বন্ধু, যিনি সংকটের সময় সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।