যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড়: অন্তত সাতজনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো ঘর, বাতিল ১১ হাজারের বেশি ফ্লাইট
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিকেলের দিকে দেশটির বিভিন্ন অঙ্গরা...
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিকেলের দিকে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে আট লাখের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল। একই সঙ্গে ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, বৈরী আবহাওয়ার কারণে ১১ হাজারের বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এই তীব্র শীতকালীন ঝড়ের ফলে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, টেক্সাস থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় ‘প্রাণঘাতী’ আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। প্রবল তুষারপাত, বরফে জমাট সড়ক, হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং দমকা হাওয়ার কারণে ঝুঁকি আরও বেড়েছে।
বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণহানি
টেক্সাসের অস্টিন শহরের মেয়র জানিয়েছেন, তীব্র ঠান্ডা ও তুষারঝড়ের কারণে সেখানে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কানসাসের কর্তৃপক্ষ জানায়, গতকাল বিকেলে তুষারে ঢাকা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গত শনিবার টেনেসি অঙ্গরাজ্যে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এসব মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।
তীব্র তুষারপাত ও বরফে বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়েছেন। অনেক এলাকায় গরমের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বয়স্ক ও শিশুদের জন্য ঝুঁকি আরও বেড়েছে। বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো, তবে আবহাওয়া অনুকূলে না এলে কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বড় বড় বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছেন। অনেক জায়গায় রেল ও সড়ক যোগাযোগেও দীর্ঘ বিলম্ব ও দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এনডব্লিউএস জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং ঘরের বাইরে বের হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং শীতজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।