অমর একুশে বইমেলা ২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি, প্রকাশকদের জন্য স্টল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালক–এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধা...
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালক–এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে বইমেলার সামগ্রিক প্রস্তুতি, আয়োজন কাঠামো এবং প্রকাশকদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অমর একুশে বইমেলা ২০২৬ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মেলার আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলেও, প্রকাশকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রকাশকদের স্বার্থ রক্ষার্থে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্টল ভাড়া কমানোর সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেন,
প্রকাশকদের স্বার্থ রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। সেই বিবেচনায় স্টল ভাড়ায় ছাড় দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর বিস্তারিত প্রক্রিয়া খুব শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
প্রকাশনা খাতের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, স্টল ভাড়ায় এই ছাড় বইমেলায় প্রকাশকদের অংশগ্রহণ বাড়াবে এবং নতুন-পুরোনো প্রকাশনা সংস্থার জন্য বইমেলায় যুক্ত হওয়া আরও সহজ হবে। একই সঙ্গে এটি দেশের বই ও সাহিত্যাঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভাষা আন্দোলনের চেতনায় গড়ে ওঠা অমর একুশে বইমেলা প্রতিবছরই লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনমেলায় পরিণত হয়। ২০২৬ সালের বইমেলাও ব্যতিক্রম হবে না—এমনটাই আশা সংশ্লিষ্ট সবার।