রেকর্ড পতন: টানা দুই দিনে ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমল সোনার দাম
দেশের সোনার বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার সকালে এক ঘোষণায় জানানো হয়, প...
দেশের সোনার বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার সকালে এক ঘোষণায় জানানো হয়, প্রতি ভরি সোনার দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমানো হয়েছে যা একদিনে দাম কমানোর ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড।
দাম কমার ফলে বর্তমানে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এর আগের দিন শুক্রবারও ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনে দেশের বাজারে সোনার দাম কমেছে মোট ৩০ হাজার ৩৮৪ টাকা।
এর আগে গত বৃহস্পতিবার দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম ছুঁয়েছিল। সেদিন ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা ছিল সর্বকালের সর্বোচ্চ।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দরপতন, ডলার বিনিময় হার ও স্থানীয় চাহিদার পরিবর্তনের প্রভাবেই এই বড় ধরনের মূল্য সমন্বয় এসেছে। করোনার পর গত পাঁচ বছরে দেশে ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে।
২০২৩ সালের ২১ জুলাই দেশে প্রথমবার সোনার ভরি ১ লাখ টাকা অতিক্রম করে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেড় লাখ টাকা অক্টোবরে দুই লাখ টাকা আর গত সপ্তাহে আড়াই লাখ টাকা পেরিয়ে নতুন ইতিহাস গড়ে
টানা এই দরপতনে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও ব্যবসায়ীরা বলছেন, বাজারের ভবিষ্যৎ গতি নির্ভর করবে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর।