ঐক্যে সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য আলোচনার আমন্ত্রণ জানালেও, জামায়াত...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য আলোচনার আমন্ত্রণ জানালেও, জামায়াতের সঙ্গে যৌথ সরকার গঠনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছেন তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠিত হয়। তিনি গণমাধ্যম ও জনসাধারণের সামনে সরাসরি আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ শাসনব্যবস্থার রূপরেখা উপস্থাপনের আহ্বান জানান এবং রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অ-সংঘাতমূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে একই দিন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানান, নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের কোনো পরিকল্পনা বিএনপির নেই। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি এককভাবেই সরকার গঠনের সক্ষমতা রাখে এবং রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করলে বিরোধীদলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে।
তারেক রহমান আরও বলেন, জামায়াত কতটি আসনে জয়লাভ করবে তা এখনো অনিশ্চিত, তবে তারা বিরোধীদলে থাকলে একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তার রয়েছে। বিএনপি সংসদের ৩০০টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।
এদিকে যৌথ সরকার প্রসঙ্গে ভিন্নমতও উঠে আসছে সাধারণ মানুষের মধ্যে। কেউ কেউ মনে করছেন, জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতায় জনমতের একটি ধারা তৈরি হয়েছে। তবে বিএনপি নেতৃত্ব এসব দাবিকে গুরুত্ব না দিয়ে একক সরকার গঠনের অবস্থানেই অনড় রয়েছে।