তারেক রহমানের ছয় জনসভা আজ রাজধানীতে

রাজধানী ঢাকায় আজ রোববার বিএনপির ছয়টি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান...

রাজধানী ঢাকায় আজ রোববার বিএনপির ছয়টি নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।   দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভাগুলো আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও দলীয় অবস্থান তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে পর্যায়ক্রমে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দ্বিতীয় জনসভায় বক্তব্য রাখবেন। বিকাল সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে তৃতীয় জনসভা।   এছাড়া বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট এলাকায়, বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুল এলাকার সানভ্যালি মাঠে শেষ জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।   দলীয় নেতারা জানিয়েছেন, এসব জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে। জনসভাগুলো ঘিরে রাজধানীর সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।