শরীয়তপুর–৩ এ ভোটের লড়াইয়ে নতুন বার্তা নিয়ে মাঠে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন শরীয়তপুর-৩ আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার অংশ নিয়ে...
শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর জেলার গুরুত্বপূর্ণ সংসদীয় আসন শরীয়তপুর-৩ আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার অংশ নিয়ে গঠিত এই আসনটি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এই আসনে এবার বিএনপির প্রার্থী হিসেবে মাঠে আছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতের মুহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ মিয়া এবং জাতীয় পার্টির আব্দুল হান্নান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরীয়তপুর-৩ আসনে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের আধিপত্য রয়েছে। স্বাধীনতার পর থেকে একাধিক নির্বাচনে দলটি জয়লাভ করেছে এবং অনেক সময় এ আসন তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে।
এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মাঠে নেমে সাধারণ মানুষের কাছে দলের ৩১ দফা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। স্থানীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যা এখনও অব্যাহত আছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
চলতি নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ পর্যায়ে শরীয়তপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। দলীয় অবস্থান, স্থানীয় উন্নয়ন ইস্যু, ব্যক্তিগত জনপ্রিয়তা, ভোটারদের মনোভাব ও উপস্থিতির ওপরই ফলাফল নির্ভর করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।