বাংলাদেশই প্রথম ও শেষ ঠিকানা: ভোটারদের উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা

রাজধানীতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে ঐক্য ও পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ...

রাজধানীতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে ঐক্য ও পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বিশ্বাস থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম রবি সভাপতিত্ব করেন। একই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালান তিনি। তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার বদলে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। জনসভায় তিনি কৃষক ও নারীদের জন্য নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগের কথাও তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ এবং পরিবারের নারী সদস্যদের আর্থিক সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে কৃষকদের সহজে ঋণ, সার, বীজসহ প্রয়োজনীয় সহায়তা এবং নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান। তিনি আরও বলেন, দেশের প্রান্তিক ও খেটে খাওয়া নারীদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জনগণের কল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেন, সবাইকে পরিশ্রম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ।