নির্বাচনী ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কারখানায় ছুটি ঘোষণার পর ঘরে ফেরার তোড়জোড় শুরু করেছেন শ্রমজীবী মানুষ। এতে গাজীপুরসহ ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবা...

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কারখানায় ছুটি ঘোষণার পর ঘরে ফেরার তোড়জোড় শুরু করেছেন শ্রমজীবী মানুষ। এতে গাজীপুরসহ ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ হঠাৎ বেড়ে গেছে। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ রওনা হওয়ায় বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।  মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় দীর্ঘ সময় যানবাহন আটকে থাকতে দেখা গেছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। ভোট দিতে সিরাজগঞ্জ যাচ্ছেন পোশাকশ্রমিক রফিকুল ইসলাম। তিনি বলেন, ছুটি পেয়ে সকালে রওনা দিলেও চন্দ্রা এলাকায় এসে দীর্ঘ সময় যানজটে আটকে পড়তে হয়েছে। একই অভিজ্ঞতার কথা জানান রাজশাহী যাচ্ছিলেন গৃহকর্মী হাসিনা বেগম। ছোট শিশুকে নিয়ে দীর্ঘ যাত্রায় পড়েছেন বিপাকে। পুলিশ জানিয়েছে, নির্বাচনী দায়িত্বে অধিকাংশ সদস্য নিয়োজিত থাকায় মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে জনবল সংকট দেখা দিয়েছে। এ কারণে পুরোপুরি স্বাভাবিক করা যাচ্ছে না চলাচল।   অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুর অংশে উত্তরাঞ্চলগামী যাত্রীদের ভিড় বেড়েছে কয়েক গুণ। বাস সংকটের সুযোগ নিয়ে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। দীর্ঘ অপেক্ষার পরও বাস না পেয়ে কেউ কেউ বিকল্পভাবে ট্রাকে করেই যাত্রা করছেন।  স্থানীয়দের ধারণা, শিল্পাঞ্চলের শ্রমিক ও কৃষিশ্রমিকদের একযোগে বাড়ি ফেরা এবং নির্বাচনী চাপ মিলিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।