ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন না ভোটাররা: ইসির কঠোর নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটাররা ভোটকেন্দ্রের...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটাররা ভোটকেন্দ্রের ভেতরে তো নয়ই, কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যেও মুঠোফোন নিয়ে যেতে পারবেন না। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি সূত্র জানায়, রোববার জারি করা এ নির্দেশনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ ভোটারদের পাশাপাশি অননুমোদিত কেউই এই সীমার মধ্যে মোবাইল ফোন বহন করতে পারবেন না। তবে দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং ‘ইলেকশন সিকিউরিটি ২০২৬’ অ্যাপ ব্যবহারের দায়িত্বে থাকা নির্দিষ্ট আনসার সদস্যরা প্রয়োজনীয় কাজে মোবাইল ব্যবহার করতে পারবেন। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সারাদেশে প্রায় ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র এবং প্রায় আড়াই লাখ ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। এবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটকেন্দ্রে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বলছে, ভোটের গোপনীয়তা রক্ষা, অনিয়ম প্রতিরোধ এবং কেন্দ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই মোবাইল ফোন বহনে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।