ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি: আইজিপি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহ...

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।   মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি জানান, নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার পুলিশ সদস্য, ৬ লাখ আনসার, বিজিবি এবং প্রায় ১ লাখ সেনাসদস্য মোতায়েন রয়েছে। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্থায়ী পুলিশ মোতায়েন থাকবে, কেন্দ্রের আশপাশে মোবাইল টিম টহল দেবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স।   আইজিপি জানান, দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্র মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং প্রয়োজনে ড্রোন ক্যামেরার সহায়তা নেওয়া হবে। অস্ত্র উদ্ধার বিষয়ে আইজিপি জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র বড় ঝুঁকি হিসেবে বিবেচিত। ইতোমধ্যে লুট হওয়া এক হাজারের বেশি লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে প্রায় ১ হাজার ৩৩০টি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৩১৭টি সহিংসতার ঘটনায় ৬০৩ জন আহত ও ৫ জন নিহত হয়েছেন। একটি মৃত্যুও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা রোধে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণ প্রসঙ্গে আইজিপি বলেন, কিছু অনভিপ্রেত ঘটনা ঘটলেও তা সংশোধনে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। ইউনেস্কো ও ইউএনওডিসির সহায়তায় পেশাদার আচরণ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।