নির্বাচনের আগে রাজধানী ঢাকায় নীরবতা, ভোটের ছুটিতে ফাঁকা নগরজীবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার চিরচেনা ব্যস্ততা অনেকটাই কমে গেছে। নির্বাচন উপলক্ষে টানা ছুটি শুরু হওয়ায় নগরবাসীর একটি বড় অংশ ইতোমধ্যে নি...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার চিরচেনা ব্যস্ততা অনেকটাই কমে গেছে। নির্বাচন উপলক্ষে টানা ছুটি শুরু হওয়ায় নগরবাসীর একটি বড় অংশ ইতোমধ্যে নিজ নিজ জেলায় চলে গেছেন। ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা গেছে অস্বাভাবিক নীরবতা ও যানবাহনের স্বল্পতা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল অনেক কম। গণপরিবহন সীমিত আকারে চলাচল করলেও যাত্রীসংখ্যা ছিল খুবই কম। পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেখা গেছে, তবে সেগুলোর উপস্থিতিও তুলনামূলক কম ছিল।   কুড়িল, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, মগবাজার ও যাত্রাবাড়ি এলাকার সড়কগুলোতেও একই চিত্র দেখা গেছে। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নগর জীবনের স্বাভাবিক কর্মচাঞ্চল্য অনেকটাই স্থবির হয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অনেক পরিবারই নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে চলে গেছেন। তবে যারা ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন, তারা শহরেই অবস্থান করছেন। রাজধানীর এক বাসিন্দা জানান, আশপাশের অনেক প্রতিবেশী ইতোমধ্যে ঢাকা ছেড়ে গেছেন, যার ফলে পুরো এলাকাই অনেকটা নির্জন হয়ে পড়েছে।   নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে উৎসবমুখর আবহ তৈরি হলেও রাজধানীতে এর প্রভাব পড়েছে ভিন্নভাবে। ব্যস্ত নগরীর কোলাহল কমে গিয়ে এক ধরনের শান্ত পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচন শেষে আবারও ঢাকায় ফিরবে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।