ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীদের অগ্রযাত্রা, বেসরকারিভাবে জয় পেলেন সাত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় এবারও রাজনীতির অঙ্গনে নারীদের অংশগ্রহণ নতুন আলোচনার জন্ম দিয়েছে। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী,...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় এবারও রাজনীতির অঙ্গনে নারীদের অংশগ্রহণ নতুন আলোচনার জন্ম দিয়েছে। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, এখন পর্যন্ত সাতজন নারী প্রার্থী বিজয়ের পথে এগিয়ে রয়েছেন, যা দেশের সংসদীয় রাজনীতিতে নারীদের সক্রিয় উপস্থিতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।   মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। একইভাবে ঝালকাঠি-২ আসনে জোট সমর্থিত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে জয় নিশ্চিত করেছেন।  সিলেট-2 আসনে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী–এর সহধর্মিণী তাহসিনা রুশদীর (লুনা) বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন। এই আসনে তিনি একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা বিপুল ভোটে জয় লাভ করেছেন।  এছাড়াও নাটোর-১ আসনে ফারজানা শারমিন, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম এবং ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে।  নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৪ জন, যা মোট প্রার্থীর প্রায় চার শতাংশ। দলীয় মনোনয়নে অংশ নিয়েছেন ৬৬ জন নারী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯ জন। নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অধিকাংশ নারী প্রার্থী উচ্চশিক্ষিত এবং কর্মজীবী, যা দেশের রাজনীতিতে নারীদের সক্ষমতা ও অংশগ্রহণের ইতিবাচক বার্তা বহন করছে।   বিশ্লেষকদের মতে, সংসদীয় রাজনীতিতে নারীদের এই অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।