শরীয়তপুর-৩ আসনে বিজয়ী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (অপু)

শরীয়তপুর-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (অপু)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে চারজন প্...

শরীয়তপুর-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (অপু)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে চারজন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট পেয়ে জয়লাভ করেন।   এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪০ হাজার ১৩৮ জন। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, মোট ভোট পড়েছে প্রায় ৫৭ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। শরীয়তপুর–৩ আসনটি ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত। এবারের নির্বাচনে এ আসনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক এবং প্রতিদ্বন্দ্বিতাও ছিল উল্লেখযোগ্য। বিজয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য অপু তার সমর্থক, নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার প্রিয় সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।” একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি নির্দেশনা দিয়ে বলেন, কোনো স্থানে বা এলাকায় যেন কোনো ধরনের ঝগড়া-বিবাদ  সৃষ্টি না হয়। সবাইকে ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা মেনে চলাই হবে সবার প্রধান দায়িত্ব। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মাধ্যমে একটি গর্বিত শরীয়তপুর গড়ে তোলাই তার লক্ষ্য। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।   বিজয় উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বিজয়ের মাধ্যমে শরীয়তপুর-৩ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।