রমজানে অফিস-আদালত ও ব্যাংকে নতুন সময়সূচি কার্যকর ১৯ ফেব্রুয়ারি থেকে

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ...

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস উপলক্ষে অফিস কার্যক্রমে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।   তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো নিজ নিজ আইন ও জনস্বার্থ বিবেচনায় পৃথক সময়সূচি নির্ধারণ করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ব্যাংক অফিস খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এ সময়েও সীমিত লেনদেন চালু রাখা যাবে।   দেশের সব তফসিলি ব্যাংক একই সময়সূচি অনুসরণ করবে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। রমজান মাসে আদালতের কার্যক্রমেও পরিবর্তন এসেছে। আদালত চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং সংশ্লিষ্ট অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই জোহরের নামাজের জন্য নির্ধারিত সময় বিরতি থাকবে।