সচিবালয়ে ব্যস্ত দ্বিতীয় দিন, তিন বাহিনী প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এ সাক্ষাৎ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রম তদারকি করেন। এদিন তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা বাড়াতে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।   এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।   মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ের নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। উল্লেখযোগ্যভাবে, গত এক দশকেরও বেশি সময় ধরে অধিকাংশ মন্ত্রিসভা ও সচিব সভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হলেও এবার সচিবালয়কেন্দ্রিক কার্যক্রমে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।   সরকারের দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিক বৈঠক ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে নতুন সরকারের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত মিলছে।