ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম আর নেই

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার সকাল ১০টা ৫১...

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার সকাল ১০টা ৫১ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তাঁর মৃত্যুর তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ডেনিলোভিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গত মঙ্গলবার উইলিয়াম বি. মাইলাম মৃত্যুবরণ করেছেন।   ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মাইলাম। ওই সময় তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় বলে দূতাবাসের শোকবার্তায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর মানবিক সহায়তা কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ‘অপারেশন সি অ্যাঞ্জেল’-এর মাধ্যমে হাজারো মানুষের জীবনরক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রমে তিনি সক্রিয় অবদান রাখেন। রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ হওয়ার পরও দক্ষিণ এশিয়া বিষয়ক নীতিনির্ধারণ ও গবেষণায় সক্রিয় ছিলেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাউথ এশিয়া পার্সপেকটিভস–এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’–এর প্রেসিডেন্ট এবং উইলসন সেন্টার–এর সিনিয়র স্কলার হিসেবেও যুক্ত ছিলেন।   ঢাকায় নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন শোকবার্তায় বলেন, “তাঁর আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছি। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।”