রিয়ালের হারে শিরোপা দৌড়ে নতুন মোড়, শীর্ষে উঠতে বার্সার সামনে সুবর্ণ সুযোগ
লিগার শিরোপা দৌড়ে আবারও নতুন মোড় নিয়েছে। অপ্রত্যাশিত হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে মাদ্রিদের ক্লাব রিয়াল মাদ্রিদ ,ওসাসুনার বিপক্ষে হারের ফলে সুযোগ তৈরি হ...
লিগার শিরোপা দৌড়ে আবারও নতুন মোড় নিয়েছে। অপ্রত্যাশিত হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে মাদ্রিদের ক্লাব রিয়াল মাদ্রিদ ,ওসাসুনার বিপক্ষে হারের ফলে সুযোগ তৈরি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সামনে।
বর্তমানে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার সংগ্রহ ৫৮ পয়েন্ট। আজ রাতে ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সা। এই ম্যাচে জয় পেলেই এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে যাবে হান্সি ফ্লিকের শিষ্যরা। ফলে ম্যাচটি বার্সার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে গত সপ্তাহে জিরোনার মাঠে ২–১ গোলে হেরে যায় বার্সেলোনা। সেই সুযোগে দুই পয়েন্টের লিড নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে রিয়াল। ওসাসুনার বিপক্ষে জিতলে ব্যবধান পাঁচ পয়েন্টে নেওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। বরং দীর্ঘ ১৫ বছর পর লা লিগায় ওসাসুনার কাছে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে মাদ্রিদিস্তাদের। সর্বশেষ ২০১১ সালে তাদের বিপক্ষে হেরেছিল রিয়াল।
এদিকে ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে বেশ পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে Villarreal CF। ফলে শিরোপার লড়াই কার্যত এখন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।
মৌসুমের শেষভাগে এসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই পয়েন্টের লড়াই লা লিগাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এখন দেখার বিষয়, ন্যু ক্যাম্পে জয় তুলে নিয়ে বার্সা শীর্ষে ফিরতে পারে কি না, নাকি রিয়ালই ধরে রাখবে তাদের অবস্থান।