নেপালের ত্রিশুলি নদীতে মর্মান্তিক বাস দুর্ঘটনা: নিহত ১৮, আহত ২৮
নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারি...
নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নেপালের আধা সামরিক বাহিনী আমর্ড পুলিশ ফোর্স এর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, বাসটি ৪৬ জন যাত্রী নিয়ে পোখরা থেকে রাজধানী কাঠমন্ডু-এর উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে পৃথ্বী হাইওয়ে -এর ধাদিং অংশে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ত্রিশুলি নদীতে উল্টে পড়ে।
দুর্ঘটনার পরপরই নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও নিয়মিত পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারীরা নদী ও দুর্ঘটনাকবলিত বাস থেকে এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত ২৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন পুরুষ নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারী পর্যটকও আছেন বলে জানা গেছে। তারা পর্যটক হিসেবে নেপাল সফরে এসেছিলেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা হয়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাসটির উচ্চগতি এবং নিয়ন্ত্রণ হারানোই এ দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।