গাজায় ফিরলেন ৮ ফিলিস্তিনি বন্দী, পরিবারে স্বস্তির ছোঁয়া
ইসরায়েলের আটককেন্দ্রে থাকা ৮ ফিলিস্তিনি নাগরিককে গাজা উপত্যকায় ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মানবিক সংস্থা International Committee of the...
ইসরায়েলের আটককেন্দ্রে থাকা ৮ ফিলিস্তিনি নাগরিককে গাজা উপত্যকায় ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মানবিক সংস্থা International Committee of the Red Cross (আইসিআরসি) তাদেরকে গাজায় পৌঁছে দেয়।
সংস্থাটির তত্ত্বাবধানে কারম আবু সালেম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশের পর মুক্তিপ্রাপ্তদের দেইর আল-বালাহ এলাকার শুহাদা আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
ফিলিস্তিনি বার্তা সংস্থা WAFA জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি আটককেন্দ্রে থাকা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পায়নি রেডক্রস। ফলে গাজা থেকে আটক হয়ে যাওয়া অনেকের অবস্থান ও পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বন্দীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, উপযুক্ত পরিবেশে রাখা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এদিকে জেরুজালেমভিত্তিক মানবাধিকার সংস্থা HaMoked জানিয়েছে, বর্তমানে ইসরায়েলের কারাগারে প্রায় ৯ হাজার ২৪৫ জন ফিলিস্তিনি আটক রয়েছেন। তাদের মধ্যে ৩৫৮ জনকে অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশে রাখা হয়েছে।
গাজায় ফেরত আসা এই ৮ জনের মুক্তিতে তাদের পরিবারে স্বস্তি ফিরলেও, এখনো হাজারো ফিলিস্তিনি বন্দীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।