কড়া নিরাপত্তার মধ্যেও জুমা আদায়ে আল আকসায় লাখো মুসল্লি

অধিকৃত পূর্ব জেরুজালেমে কঠোর নিরাপত্তা ও চলাচলে সীমাবদ্ধতার মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় এক লাখ ফিলিস্তিনি নামাজ আদায় করেছেন। তথ্য...

অধিকৃত পূর্ব জেরুজালেমে কঠোর নিরাপত্তা ও চলাচলে সীমাবদ্ধতার মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় এক লাখ ফিলিস্তিনি নামাজ আদায় করেছেন। তথ্যটি জানিয়েছেন ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মবিষয়ক কর্তৃপক্ষ। ইসরায়েলি পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল মসজিদের ফটক, পুরনো শহরের প্রবেশপথ ও আশপাশের এলাকায়। পশ্চিম তীর থেকে অনেক ফিলিস্তিনিকে চেকপোস্টে আটকে দেওয়া হয়। কালান্দিয়া চেকপোস্টসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়, ফলে অনেক মুসল্লি জেরুজালেমে ঢুকতে পারেননি। এর আগে কর্তৃপক্ষ প্রতি জুমায় সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতির পরিকল্পনা করেছিল। গত সপ্তাহে প্রথম জুমায় প্রায় ৮০ হাজার মুসল্লি অংশ নেন। তবে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় এবারের উপস্থিতি কম; সে সময় রমজানে সাধারণত দেড় লাখের বেশি মানুষ জুমায় অংশ নিতেন। ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পূর্ব জেরুজালেমে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ বজায় রয়েছে।