টানা ভূমিকম্পে কাঁপছে দেশ, ২৭ দিনেই ১০ দফা কম্পনে বাড়ছে উদ্বেগ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে সংঘটিত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে সংঘটিত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩, যা মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন হিসেবে বিবেচিত।
ভূমিকম্পের সময় ঢাকাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে ভবন কেঁপে ওঠে। অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও ঘন ঘন কম্পনে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
এর আগের দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম অঞ্চল, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে এমন কম্পন স্বাভাবিক। তবে ঘনবসতিপূর্ণ নগরী ঢাকায় দুর্বল অবকাঠামো বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই সচেতনতা বৃদ্ধি, ভবন নির্মাণে বিধিমালা অনুসরণ এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।