আস্থা ভোটে জয়ী হয়ে পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক
আর্ন্তজাতিক ডেস্ক ।।
মধ্যপন্থী রাজনৈতিক দলের নেতা ডোনাল্ড টাস্ককে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে পোল্যান্ডের পার্লামেন্ট। সাবেক প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সরকার সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর টাস্ক নির্বাচিত হলেন। দেশটির বৃহত্তম তিনটি বিরোধী দল সিভিক কোয়ালিশন, থার্ড ওয়ে এবং নিউ লেফট সমর্থন দিয়েছে।
৪৬০ আসনবিশিষ্ট পার্লামেন্টে ভোটাভুটিতে ২৪৮-২০১ সমর্থন পান টাস্ক। জাতীয় নির্বাচনের প্রায় দুই মাস পর তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো।
অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোন দলই না পাওয়ায় বিদায়ী প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির নেতৃত্বাধীন পপুলিস্ট ল’ আ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস) একক বৃহত্তম দলের মর্যাদা লাভ করে। কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং জোট বেঁধে কেউ সরকার গঠনে এগিয়ে না আসায় গত ২৭ নভেম্বর তারিখে প্রেসিডেন্ট আন্দ্রে দুদা মোরাউইকিকে প্রধানমন্ত্রী হিসেবে সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্য কোনও দলকে পাশে টানতে পারেননি তিনি।
গতকাল সোমবার বিকেলে মোরাউইকির পিআইএস সরকার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যায়। এর মাধ্যমে পোল্যান্ডে পিআইএস পার্টির আট বছরের শাসনের ইতি ঘটল। এর কয়েক ঘণ্টা পরেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করে পোল্যান্ড পার্লামেন্ট।
সূত্র : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি