মুরাদনগরে চাষ হচ্ছে মরুর ফল সাম্মাম

নিজস্ব প্রতিবেদক ।। কুমিল্লা ::

চার বিঘা পতিত জমিতে সাম্মাম চাষ করে চার টন ফল উৎপাদন করেছেন কুমিল্লা জেলার মুরাদনগরের ভুবনঘর মর্ডান এগ্রোফার্মের কৃষক সামসুল হক। মরুর ফল সাম্মাম সুস্বাদু ও মিষ্টি জাতের ফল। এরই মধ্যে সাম্মাম এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।  সাম্মাম চাষী সামসুল হক জানান, তার জমিতে দুই জাতের সাম্মাম রয়েছে। এর মধ্যে এক জাতের সাম্মামের বাইরের অংশ দেখতে খিরার মত খসখসে আর ভেতরের রঙ পেঁপের মতো। আরেক জাত হচ্ছে বাইরে সবুজ ভিতরে সাদা। তবে দুটি ফলই খেতে মিষ্টি, রসালো ও সুস্বাদু । একেকটি সাম্মাম ফল দুই থেকে আড়াই কেজি ওজনের হয়। প্রতি কেজি সাম্মাম খুচরা দুই থেকে আড়াইশ টাকায় বিক্রি করি। তিনি বলেন, এগ্রোফার্মের চার বিঘা জমিতে সাম্মাম চাষ করেছি। সাম্মাম ফলের তেমন একটা রোগবালাই নেই। গাছে সামান্য সার ও কীটনাশক দিতে হয়। দেড় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। তিন মাসের মধ্যেই পরিপক্ব হয় সাম্মাম। সামসুল এই উদ্যোগে  তার কলেজ পড়ুয়া ছেলে সহায়তা করেন বলে শ্রমিকের সাপোর্ট তেমন একটা লাগেনা  বলে জানান। তাকে সাম্মাম চাষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করার কথা বলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ।