আগুনের রাজনীতি ও অসহায় নাগরিকের দিনলিপি
শামসুজ্জামান রিপনভোরের আলো ফোটার আগেই শহরের মোড়ে মোড়ে যখন টায়ার জ্বলার তীব্র পোড়া গন্ধ বাতাসে ভাসে, তখন বুঝতে বাকি থাকে না দিনটি কেমন কাটতে চলেছে। কোনো অদৃশ্য ন...
শামসুজ্জামান রিপনভোরের আলো ফোটার আগেই শহরের মোড়ে মোড়ে
যখন টায়ার জ্বলার তীব্র পোড়া গন্ধ বাতাসে ভাসে, তখন বুঝতে বাকি থাকে না দিনটি কেমন
কাটতে চলেছে। কোনো অদৃশ্য নির্দেশে রাস্তার চাকাগুলো থমকে দাঁড়ায়, দোকানপাটের ঝাঁপ
নামতে থাকে দ্রুতলয়ে। টেলিভিশনের পর্দায় বা সংবাদপত্রের শিরোনামে যা কেবল ‘রাজনৈতিক কর্মসূচি’ কিংবা ‘সহিংসতা’, দিনমজুর হামদু
মিয়া বা স্কুলপড়ুয়া কিশোরী ছমিরনের কাছে তা এক অসহনীয় বন্দিত্ব ও আতঙ্কের নাম।আমাদের দেশে রাজনীতির ভাষা বদলায়, স্লোগানের
ধরন বদলায়, কিন্তু সাধারণ মানুষের বিপন্নতার গল্পটা যেন একই বৃত্তে ঘুরপাক খায়। ২০২৬
সালের এই নভেম্বরে দাঁড়িয়ে আমরা আবারও দেখছি সেই পুরনো ও ভয়াবহ দৃশ্যের পুনরাবৃত্তি।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির খাতায় যখন চলতি বছরের প্রথম নয় মাসে
১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতায় ৭৩ জন কিংবা অক্টোবর মাসে ১২ জনের প্রাণহানির হিসাব
ওঠে, তখন সেগুলো নিছকই একেকটি পরিসংখ্যান হয়ে থাকে। কিন্তু পিরোজপুরের সেই বাস শ্রমিকের
পরিবারের কাছে, কিংবা নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিদগ্ধ হয়ে আইসিইউতে লড়াই করা ১৪ বছরের
কিশোরের মায়ের কাছে এই সংখ্যাগুলো মানে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাওয়া।রাজনীতির মাঠ যখন উত্তপ্ত হয়, তখন শহরে
এক ধরনের ‘অদৃশ্য কারফিউ’ জারি হয়। কাগজে-কলমে
কোনো নিষেধাজ্ঞা না থাকলেও মানুষের মনের ভেতর ঢুকে পড়ে অজানা ভয়। রাস্তায় নামলে ইটপাটকেল,
বাসে উঠলে আগুনের আতঙ্ক, এই অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বড় আঘাতটা আসে খেটে খাওয়া মানুষের
জীবনে। একজন রিকশাচালকের কাছে 'রাজনৈতিক কর্মসূচি' মানে সেদিন তার সন্তানের মুখে ভাত
তুলে দেওয়ার লড়াইয়ে হেরে যাওয়া। ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে এর অর্থ দোকানের ঝাঁপ বন্ধ
রেখে ঋণের কিস্তি গোনার দুশ্চিন্তা। হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে থাকা
মুমূর্ষু রোগীর স্বজনের অসহায় আর্তনাদ, কিংবা পাবলিক পরীক্ষা পেছানোর খবরে দিশেহারা
শিক্ষার্থীর দীর্ঘশ্বাস, এসবের দায়ভার আসলে কার?আশ্চর্যের বিষয় হলো, প্রথাগত রাজনৈতিক
সংঘাতের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের সমাজে ‘মব সহিংসতা’ বা দলবদ্ধ গণপিটুনির
মতো এক ভয়াবহ ব্যাধি জেঁকে বসেছে। এইচআরএসএসের তথ্য বলছে, চলতি বছরের প্রথম নয় মাসেই
৩৯৮টি মব সহিংসতায় ১৮৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা
প্রমাণ করে, দীর্ঘদিনের অস্থিরতা ও বিচারহীনতা মানুষের ভেতরের মানবিক বোধটুকুকেও গ্রাস
করতে শুরু করেছে। মানুষ এখন আর শুধু রাজনৈতিক প্রতিপক্ষের হাতেই অনিরাপদ নয়, বরং অসহিষ্ণু
সমাজের হাতেও জিম্মি হয়ে পড়ছে।অর্থনীতির চাকা সচল রাখার যে নিরন্তর চেষ্টা
চলছে, সাম্প্রতিক ২৮টি জেলার সহিংসতা ও অগ্নিসংযোগ সেই প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা
দিয়েছে। পোশাক খাত থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের সরবরাহ ব্যবস্থা, সবখানেই এখন
স্থবিরতার ছায়া। অথচ যারা এই অস্থিরতা তৈরি করছেন, তাদের জীবনে এর কোনো আঁচ লাগে না।
আঁচ লাগে কেবল সাধারণ মানুষের হেঁশেলে, যেখানে চাল-ডালের বাড়তি দামের সাথে যুক্ত হয়
উপার্জন হারানোর হাহাকার।গণতন্ত্রে প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার
চিরন্তন। কিন্তু যে প্রতিবাদ নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নেয়, যে কর্মসূচি সাধারণের
ঘামঝরানো সম্পদ পুড়িয়ে ছাই করে, তা কখনোই জনগণের রাজনীতি হতে পারে না। রাজনীতির মঞ্চ
থেকে সাধারণ মানুষকে কেবল ‘সংখ্যা’ বা ‘ঢাল’ হিসেবে ব্যবহার
করার সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি।
আমরা এমন এক সকালের অপেক্ষায় আছি, যেদিন
ভোরের বাতাসে পোড়া টায়ারের গন্ধ থাকবে না। যেদিন কোনো মাকে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে
সন্তানের জীবনের ভিক্ষা চাইতে হবে না, আর দিনমজুরকে রাস্তায় বের হওয়ার আগে আকাশের দিকে
তাকিয়ে আতঙ্কে বুক বাঁধতে হবে না। রাজনীতি হোক মানুষের স্বস্তির ঠিকানা, আগুনের প্রতিশব্দ
নয়।লেখক: সাংবাদিক