আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘সামাজিক প্রতিরোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাজধানীতে ‘সামাজিক প্রতিরো...

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাজধানীতে ‘সামাজিক প্রতিরোধ ও আইনের কার্যকর প্রয়োগ ও সচেতনতা: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন সংসদ, ঢাকা।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুবাইর মুহাম্মদ এহসানুল হক। বিশেষ অতিথি ও সাভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল (অব.) আব্দুল হক। এছাড়াও বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।সেমিনারে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার শুধু ব্যক্তি নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সংকট মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সমাজে ধর্মীয় অনুশাসনের চর্চা কমে যাওয়ায় সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সামাজিক প্রতিরোধ, নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং আইনের কঠোর ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গেলে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।বক্তারা আরও বলেন, মাদকবিরোধী আন্দোলনকে কেবল সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন। সেমিনারটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।