বদলে যাচ্ছে নেশার সমীকরণ
শামসুজ্জামান রিপনসময়ের বিবর্তনের সঙ্গে অপরাধের ধরণ ও কৌশলেও আসে আমূল পরিবর্তন। একসময় নেশাজাতীয় দ্রব্য বলতে চোখের সামনে ভেসে উঠত নিভৃত গলির অন্ধকার, সিরিঞ্জ কিংব...
শামসুজ্জামান রিপনসময়ের বিবর্তনের সঙ্গে অপরাধের ধরণ ও কৌশলেও
আসে আমূল পরিবর্তন। একসময় নেশাজাতীয় দ্রব্য বলতে চোখের সামনে ভেসে উঠত নিভৃত গলির অন্ধকার,
সিরিঞ্জ কিংবা চেনা কিছু ট্যাবলেট ও বোতলের ছবি। কিন্তু প্রযুক্তির উৎকর্ষ আর বিশ্বায়নের
এই যুগে কারবারিরা বেছে নিয়েছে সম্পূর্ণ অভিনব পথ। এখন আর লুকিয়ে নয়, বরং আভিজাত্য
ও আধুনিকতার মোড়কে, হাতের মুঠোয় থাকা সুগন্ধি ভেপ কিংবা দৃষ্টিনন্দন চকলেটের আড়ালে
তরুণ প্রজন্মের শিরা-উপশিরায় ঢুকে পড়ছে ভয়ংকর সব সিনথেটিক রাসায়নিক।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে
পাচারকারীরা আশ্রয় নিচ্ছে নিখুঁত ছদ্মবেশের। আপাতদৃষ্টিতে সাধারণ লজেন্স, জেলি বা দামি
বিদেশি কনফেকশনারির মতো দেখতে বস্তুগুলোর ভেতরে কৌশলে মিশিয়ে দেওয়া হচ্ছে ক্যানাবিসের
ঘন নির্যাস কিংবা তীব্র সাইকোঅ্যাকটিভ উপাদান। অন্যদিকে, ধূমপানের আধুনিক বিকল্প হিসেবে
পরিচিত ই-সিগারেটের তরলে যুক্ত করা হচ্ছে সিনথেটিক ক্যানাবিনয়েড (এমডিএমবি) বা ইটোমিডেটের
মতো প্রাণঘাতী উপাদান। সাদামাটা এই অনুষঙ্গগুলোর সামান্য অংশ গ্রহণ করলেই মস্তিষ্কে
শুরু হয় তীব্র বিভ্রম বা হ্যালুসিনেশন, যা দীর্ঘমেয়াদে স্নায়ুতন্ত্র ও স্বাভাবিক চিন্তাশক্তিকে
পুরোপুরি বিকল করে দেয়।সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কুশ, কেটামিন
বা এলএসডির মতো ব্যয়বহুল ও অপ্রচলিত নেশাদ্রব্যগুলো এখন আর কেবল সীমান্ত পেরিয়ে বিদেশ
থেকে আসছে না। খোদ শহরের অভিজাত এলাকার সুরক্ষিত ফ্ল্যাটে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে
গড়ে তোলা হচ্ছে গোপন ‘মিনি ল্যাব’। চিকিৎসাক্ষেত্রে
ব্যবহৃত চেতনানাশক ওষুধ কেটামিন বিশেষ প্রক্রিয়ায় রূপান্তরিত হয়ে ব্যবহৃত হচ্ছে পার্টি
ড্রাগ হিসেবে। আবার বদ্ধ ঘরের ভেতরে কৃত্রিম আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইড্রোপনিক
পদ্ধতিতে চাষ করা হচ্ছে উচ্চমাত্রার টিএইচসি সমৃদ্ধ উদ্ভিদ ‘কুশ’। আন্তর্জাতিক
চক্রের দিকনির্দেশনায় দেশেরই কিছু মেধাবী ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন তরুণ নিজেদের দক্ষতাকে
কাজে লাগাচ্ছে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে।নতুন প্রজন্মের এই অবৈধ বাণিজ্যের পুরো
নেটওয়ার্কটি পরিচালিত হচ্ছে ভার্চুয়াল জগতের আড়ালে। এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, সামাজিক
যোগাযোগমাধ্যমের গোপন গ্রুপ কিংবা ডার্কওয়েবে সাংকেতিক ভাষায় চলে দরকষাকষি। এখানে ক্রেতা
ও বিক্রেতা পরস্পরের কাছে সম্পূর্ণ অপরিচিত থাকে। পণ্য পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা
হচ্ছে সাধারণ কুরিয়ার সার্ভিস কিংবা রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম, আর অর্থের লেনদেন সম্পন্ন
হচ্ছে ডিজিটাল ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ফলে প্রথাগত গোয়েন্দা তৎপরতা দিয়ে
এই অদৃশ্য জাল ছিন্ন করা হয়ে উঠছে বেশ চ্যালেঞ্জিং।সচ্ছল পরিবারের কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া
শিক্ষার্থীরাই মূলত এই নতুন ধারার আসক্তির প্রধান শিকার। কৌতূহল, সঙ্গদোষ এবং এগুলো
সাধারণ সিগারেটের মতোই নিরাপদ, এমন বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত হয়ে তারা পা বাড়াচ্ছে
অন্ধকার পথে। এই ভয়াবহ সংকট মোকাবেলায় কেবল প্রশাসনিক অভিযানের ওপর নির্ভরশীল থাকলে
চলবে না, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত জাগরণ।পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে
জরুরি পারিবারিক সচেতনতা ও নিবিড় সংলাপ। সন্তানদের আচরণগত পরিবর্তন, দৈনন্দিন রুটিন
ও হাতখরচের বিষয়ে অভিভাবকদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাদের ব্যাগে থাকা সাধারণ দেখতে
ভেপ, চকলেট বা অপরিচিত কোনো প্যাকেটের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি কঠোর শাসনের বদলে
বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এসবের ভয়াবহতা বোঝানো প্রয়োজন। একই সঙ্গে প্রশাসনিক
ও প্রযুক্তিগত নজরদারিও বহুগুণে বাড়াতে হবে। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ও ডার্কওয়েবে চলা
অবৈধ বাণিজ্য রুখতে সাইবার ক্রাইম ইউনিটের সক্ষমতা আধুনিকায়নের পাশাপাশি প্রতিটি কুরিয়ার
সার্ভিসের পার্সেল স্ক্যানিং ব্যবস্থা বাধ্যতামূলক করা সময়ের দাবি। এছাড়া আন্তর্জাতিক
পাচারের রুটগুলো স্থায়ীভাবে বন্ধ করতে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে অত্যাধুনিক রাসায়নিক
স্ক্যানার এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ব্যবহার জোরদার করতে হবে।অপরাধীরা তাদের রূপ ও কৌশল বদলাচ্ছে প্রতিনিয়ত।
তাই আমাদের সচেতনতা ও প্রতিরোধের দেয়ালকেও হতে হবে সময়ের চেয়েও শক্তিশালী। পরিবার,
শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগই পারে কেবল আগামীর প্রজন্মকে এই ছদ্মবেশী
বিষের ছোবল থেকে রক্ষা করতে।
লেখক: সাংবাদিক