বিশ্ব শান্তিরক্ষায় গৌরবময় বাংলাদেশ পুলিশ

প্রতিবছর ২৯ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও, এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় বুধবার (১০ জুন, ২০২৬) বাংলাদেশে দিবসটি যথাযোগ্য মর্যা...

প্রতিবছর ২৯ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও, এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় বুধবার (১০ জুন, ২০২৬) বাংলাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। প্রায় চার দশক ধরে বিশ্বের সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের গৌরবময় যাত্রা শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী ২৫টি দেশের ২৭টি মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও পুলিশের ৮ জন নারী সদস্যসহ মোট ৩৭ জন কর্মকর্তা ইউএনপোল ও জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। বিশেষ করে ২০০০ সাল থেকে নারী পুলিশ সদস্যরা আন্তর্জাতিক মণ্ডলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় অনন্য ভূমিকা রাখছেন।বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা চরম প্রতিকূলতা, ভৌগোলিক চ্যালেঞ্জ ও সংঘাতময় পরিস্থিতি অতিক্রম করে দায়িত্ব পালন করে আসছেন। তারা কেবল আইনশৃঙ্খলা রক্ষাই করেননি, বরং স্থানীয় জনগণের আস্থা অর্জনের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হাইতির ভয়াবহ ভূমিকম্প-আক্রান্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় তাদের এই মানবিক অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।বিশ্বের বুকে শান্তি ও মানবতার পতাকা তুলে ধরতে গিয়ে বাংলাদেশ পুলিশের ২৫ জন বীর সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন এবং ১৫ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত এই বীর শান্তিরক্ষীদের প্রতি রাষ্ট্র ও দেশবাসী গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। বাংলাদেশ পুলিশের এই নিঃস্বার্থ আত্মত্যাগ ও নিষ্ঠা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রতিনিয়ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করছে।