বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যদি নিজ নিজ ধর্মীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন, তবে আমরা সবাই মিলে একটি মানবিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করতে পার...

রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যদি নিজ নিজ ধর্মীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন, তবে আমরা সবাই মিলে একটি মানবিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করতে পারব। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। আমাদের নীতি হলো ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।৩০ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বৌদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে দেওয়া এক লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন হচ্ছে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। এটি বারবার প্রমাণিত হয়েছে যে, এই দর্শনই দেশের সব বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং, আপনারা কেউ নিজেদের কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমাদের সবার, আমাদের পরিচয় আমরা সবাই ‘বাংলাদেশি’। বৌদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনটি সবার জন্য আনন্দময় ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠুক- এই প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান।