চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, টানা বৃষ্টিতে মানুষের দুর্ভোগ
চট্টগ্রাম প্রতিনিধি:টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ও শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং পথচারীরা। গত...
চট্টগ্রাম প্রতিনিধি:টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন
এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ও শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী
এবং পথচারীরা। গতকাল (রোববার) রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে আজ (সোমবার) সকাল থেকে
জলাবদ্ধতা বেড়েছে।জানা গেছে, নগরীর বাকলিয়া, চকবাজার, বড়পুল,নিউমার্কেট,
রিয়াজুদ্দিন বাজার, রাহাত্তারপুল ও কাতালগঞ্জসহ
বিভিন্ন এলাকায় কিছু কিছু জায়গায় হাঁটুসমান, আবার কোথাও কোমর পানি জমেছে। নগরীর আখতারুজ্জামান
চৌধুরী ফ্লাইওভারের সামনেও সৃষ্টি হয়েছে জলজট। অপরদিকে, বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে
সড়কে ধীরগতিতে চলছে যানবাহন। পথচারীদের চলাচল করতে হচ্ছে পানি মাড়িয়ে। এতে অফিসগামী
মানুষ ও শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।বড়পুল এলাকার বাসিন্দা আবদুল হাকিম জানিয়েছেন,
‘রাত থেকে বৃষ্টি
হচ্ছে। সকালে বের হয়ে দেখি রাস্তায় পানি বেড়েছে। হাঁটু সমান পানি মাড়িয়ে চলাচল করতে
হচ্ছে। প্রতি বছর বর্ষায় একই সমস্যা কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না। এ দিকে বৃষ্টির
সঙ্গে যানবাহনের সংকট থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।’যার মধ্যে শিক্ষার্থীদের
বেশি সমস্যা হচ্ছে। অনেকে পানি মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে।’এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা
মো. ইসমাইল ভূঁইয়া গণমাধ্যমকে জানান, আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে
১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে
আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।অপরদিকে, চলমান গ্যাস সংকটের কারণে নগরীতে
গণপরিবহনের সংখ্যাও কমেছে। সময়মতো পাওয়া যাচ্ছে
না গ্যাসচালিত বাস। একই কারণে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে নামেনি। ফলে জলাবদ্ধতার
সঙ্গে যানবাহন সংকটেও মানুষের ভোগান্তি বেড়েছে।
এ ছাড়াও নগরীর পাশাপাশি আশপাশের উপজেলাগুলোতে
ভারী বৃষ্টি হচ্ছে। বোয়ালখালীর চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় পুরো বর্ষাজুড়েই জলাবদ্ধতায়
দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তাই পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী
সমাধানে কার্যকর উদ্যোগ চেয়েছেন ভুক্তভোগীরা।