চট্টগ্রামে অতিথি গ্রুপের আইটি ও ব্যবসা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
লায়ন মীর হোসেন মাসুম চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেমিনার হলে ২৪ অক্টোবর অতিথি গ্রুপের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ কর্মশালা, দিকনির্দেশনা ও ওভারভিউ...
লায়ন মীর হোসেন মাসুম
চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেমিনার হলে ২৪ অক্টোবর অতিথি গ্রুপের
বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ কর্মশালা, দিকনির্দেশনা ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গঠন এবং বৈশ্বিক বুকিং প্ল্যাটফর্ম হিসেবে
প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সেশনের আয়োজন করা হয়। বিভাগীয় ইনচার্জ
ও উপ-পরিচালক লায়ন মনজুর মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত এই সেশনে প্রধান অতিথি ও মুখ্য
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক লায়ন তাজুল ইসলাম।
প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি বলেন, ঐতিহ্যগত ব্যবসার দিন পেরিয়ে আমরা
এখন সম্পূর্ণ ডিজিটাল যুগে প্রবেশ করেছি। আমাদের লক্ষ্য কেবল স্থানীয় বাজারে সীমাবদ্ধ
থাকা নয়, বরং আধুনিক অ্যাপসভিত্তিক বুকিং নেটওয়ার্কের বৈশ্বিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে
দেশের তরুণ সমাজকে আন্তর্জাতিক মানের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। তিনি সততা ও সঠিক
কর্মপরিকল্পনার মাধ্যমে সবাইকে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কর্মকর্তাদের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে
পুরো কর্মসূচিকে তিনটি ভাগে সাজানো হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম সেশনে
বিডিএম ও উদ্যোক্তাদের আধুনিক বিপণন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে দুপুর
৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় পর্বে এসএম, এএসএম ও স্বনির্ভর উদ্যোক্তাদের
মাঠপর্যায়ের কার্যক্রম প্রসারে বিভিন্ন গাইডলাইন প্রদান করা হয়। সর্বশেষ সন্ধ্যা ৬:৩০
মিনিটে শুরু হওয়া সমাপনী সেশনে নতুন আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি বিশেষ পরিচিতিমূলক
পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠানের লক্ষ্য ও অ্যাপসভিত্তিক বুকিং সেবার বৈশ্বিক
সম্ভাবনা তুলে ধরা হয়। এ সময় বিভাগীয় পর্যায়ের উদ্যোক্তাগণ ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ
উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে সভাপতি লায়ন মনজুর মোর্শেদ বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের
মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখাই আমাদের মূল লক্ষ্য।
দেশের প্রতিটি ঘরে স্বনির্ভরতার বার্তা পৌঁছে দিতে অতিথি গ্রুপ নিরলস কাজ করে যাবে।