দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে কক্সবাজারে ‘পর্যটন কার্নিভাল’ শুরু
আবদুর রহমান খান:কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজি...
আবদুর রহমান খান:কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ১৫ নভেম্বর বিকেলে কক্সবাজারের মোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। এর আগে ১২ নভেম্বর সংবাদ সম্মেলন করে ১৫ নভেম্বর থেকে এ কার্নিভাল শুরুর ঘোষণা দিয়েছিল আয়োজকরা।জানা গেছে, পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের অবস্থানকাল বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নিয়ে ২ মাস ৮দিন ব্যাপী এ আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গণী উল আজম।আয়োজকরা জানান, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। পর্যটকদের জন্য বিনোদন, সংস্কৃতি, খেলাধুলা, অ্যাডভেঞ্চার ও জ্ঞানচর্চার সমন্বয়ে সাজানো হচ্ছে উৎসব প্রাঙ্গণ। এতে দেশি-বিদেশি পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণেরও সুযোগ থাকবে।বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত কার্নিভাল বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড’। পর্যটকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে কার্নিভাল প্রাঙ্গণে থাকছে ১৫টি বিশেষ জোন। এর মধ্যে ওয়েলনেস জোনে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা, এক্সপেরিয়েন্স জোনে রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং ক্যাম্পিং জোনে সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের সুযোগ থাকবে।এতে ওপেন থিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে বই পড়া ও রাতের আকাশ পর্যবেক্ষণ, মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শন ও বিক্রি এবং এক্সিবিশন জোনে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে কিডস জোন ও গেমিং জোন। ফুড জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের পাশাপাশি দেশি-বিদেশি নানা পদের খাবার পাওয়া যাবে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য গো-কার্ট ও স্পোর্টস জোনে থাকবে গো-কার্টিং, বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ।পাশাপাশি এম্পিথিয়েটার জোনে দেশীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, বালু ভাস্কর্য জোনে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি বালু ভাস্কর্য এবং আর্ট জোনে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। সমুদ্র সৈকতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সি-ভিউ বারবিকিউ জোন।